জনসচেতনতা ছাড়া পরিচ্ছন্ন নগর গড়া সম্ভব নয় : সিসিক প্রশাসক
Printed Edition
সিলেট ব্যুরো
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর সম্মিলিত সহযোগিতা ছাড়া একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। গতকাল মঙ্গলবার সকালে নগরীতে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
অভিযান শুরুর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। র্যালি শেষে প্রশাসক নগরের দাড়িয়াপাড়া এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় কয়েকটি বাড়ির আঙিনায় ময়লার স্তূপ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি করপোরেশনের কর্মীরা মশা নিয়ন্ত্রণে নিয়মিত লার্ভিসাইড ও ফগার মেশিন ব্যবহার করছেন। কিন্তু নাগরিকরা যদি যত্রতত্র ময়লা ফেলে মশার আবাসস্থল তৈরি করেন, তবে এই প্রাণান্ত চেষ্টা সফল হওয়া কঠিন। তিনি ব্যবসায়ীদের ড্রেন বা রাস্তায় আবর্জনা না ফেলতে এবং নাগরিকদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসিকের সচিব বিশ্বজিত দেব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো: আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিসিক প্রশাসক হুঁশিয়ারি দেন যে, শুধু অভিযান চালিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়, যদি না প্রতিটি ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হয়।