রাবিপ্রবি ভিসির কার্যালয়ে ছাত্রদলের তালা
Printed Edition
রাঙ্গামাটি প্রতিনিধি
দুর্নীতি, নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভিসির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সাথে তারা ভিসি ড. আতিয়ার রহমানের অপসারণ দাবি করেছেন। এর আগে সংবাদ গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে তারা। ওই সম্মেলনের পর ভিসিকে অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কার্যালয়ের গেটে তালা লাগিয়ে দেন ছাত্রদল কর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব। এ সময় উপস্থিত ছিলেন সদস্যসচিব জিশান আহম্মেদসহ অন্য নেতারা। ছাত্রদলের অভিযোগ, উপাচার্য ইউজিসির নীতিমালা লঙ্ঘন করে নিজের পছন্দের ও দলীয় পরিচয়ধারী ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। স্থানীয় নেতারা জানান, শিক্ষার্থীদের স্বার্থে ক্লাস-পরীক্ষা চালু থাকলেও ভিসির কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। অভিযোগের বিষয়ে ভিসি ড. আতিয়ার রহমান বলেন, প্রতিটি নিয়োগ বিশ্ববিদ্যালয়, ইউজিসির নীতিমালা মেনে ও বোর্ডের অনুমোদন ক্রমেই হয়েছে এবং এর ব্যাখ্যা আগেই শিক্ষার্থীদের দেয়া হয়েছে। কারো তথ্য জানার থাকলে সরাসরি কথা বলতে পারেন। আওয়ামী পুনর্বাসনের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, ইন্টেরিম সরকারের সময় বিশ্ববিদ্যাললেয় প্রসাসনিক প্রতিনিধিত্ব করা একজনকে অভিজ্ঞতার ভিত্তিতেই প্রশাসনিক টিমে সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে।