নিরাপদ অভিবাসন নিয়ে সেমিনারে তথ্য

বিদেশে ফ্রি ভিসায় চাকরির কোনো নিশ্চয়তা নেই

Printed Edition
artho-2
বিদেশে ফ্রি ভিসায় চাকরির কোনো নিশ্চয়তা নেই

নিজস্ব প্রতিবেদক

ফ্রি ভিসা কোনো চাকরির নিশ্চয়তা বহন করে না। তা ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কর্মসংস্থান চুক্তি ছাড়া বিদেশে যাওয়াও সঠিক হবে না। কোনো দক্ষতা অর্জন ছাড়া বিদেশে কর্মীদের যাওয়া সঠিক সিদ্ধান্ত নয়। তারা যে দেশে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই দেশের ভাষা, সংস্কৃতি, ব্যবহার ভালো করে শিখে যাওয়াই উত্তম। অহেতুক বাবা-মায়ের সম্পত্তি বিক্রি করে অনিশ্চিত বিদেশ যাত্রা পরিহার করতে হবে। তা না হলে দুষ্টচক্র আমাদের পিছু ছাড়বে না।

সোমবার খুলনার কয়রা উপজেলার খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর ‘মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন : পরিপ্রেক্ষিত সৌদি আরব ও জাপান’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) ও বায়রার প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) মো: আশরাফ হোসেন। খুলনার জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতি ডা: খান আহমেদ হেলালী, কয়রা থানার ওসি জাহিদুল ইসলাম, পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান প্রমুখ।

লিখিত বক্তব্য বলা হয়, গত ১০ বছরে বিদেশ গেছে ৭৫ লাখ ৮৯ হাজার ৪৩০ জন বাংলাদেশী কর্মী, যার প্রায় ৫৪ শতাংশই অদক্ষ। এ সময়ের মধ্যে রেমিট্যান্স এসেছে ১৮৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে প্রেরণ, প্রবাসী কার্ড তৈরি, দক্ষ দেশী ও বিদেশী প্রশিক্ষক নিয়োগ, নিরাপদ ও নির্ভরযোগ্য রেমিট্যান্স প্রেরণ এবং কারিগরি ও পেশাগত শিক্ষায় স্কলারশিপ প্রদান উল্লেখযোগ্য জানিয়ে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ব্যুরো (বিএমটি) কর্তৃক ১ লাখ ৬৭ হাজার ৪৯৯ জনকে দক্ষতা প্রশিক্ষণ এবং ১১ লাখ ৬৭ হাজার ৭৪০ জনকে প্রি-ডিপার্টচার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠানো হয়েছে ৯ লাখ ৮৪ হাজার ১৭৬ জনকে এবং দেশে কর্মসংস্থান হয়েছে ৯২ হাজার ৩৮ জনের।