আশুলিয়ায় হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ

Printed Edition

তুরাগ (ঢাকা) সংবাদদাতা

সাভারের আশুলিয়ায় শেরআলী মার্কেট এলাকায় অবস্থিত ইনতিসার ফাউন্ডেশন-এর উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ৫ম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও বার্ষিক পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও বিভিন্ন ক্যাটাগরিতে মেধা তালিকার শীর্ষে থাকা শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইনতিসার ফাউন্ডেশন চেয়ারম্যান হারুন অর রশিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার, প্রধান মুহাদ্দিস, মদিনাতুল উলুম কামিল মাদরাসা, ঢাকা এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ড. মাহফুজুর রহমান আখন্দ, প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবুল কালাম আজাদ বাশার বলেন, “কুরআনের হাফেজগণ সমাজের আলোকিত মানুষ। বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় রোধে আল-কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। ইনতিসার ফাউন্ডেশন যেভাবে তরুণ শিক্ষার্থীদের মধ্যে কুরআনের আলো ছড়িয়ে দিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।” বক্তব্য শেষে হিফজ সমাপনী ছাত্র-ছাত্রীদের পাগড়ি ও সনদ প্রদান করেন।

প্রফেসর ড. মাহফুজুর রহমান আকন্দ শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোমলমতি শিক্ষার্থীদের হৃদয়স্পর্শী হামদ, না’ত ও ক্বিরাত পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

পরে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের বিশেষ অ্যাওয়ার্ড প্রদান এবং বার্ষিক পরীক্ষার মেধা তালিকার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।