মহানগরে নির্বাচনী গণসংযোগ

জামায়াত প্রার্থী কামাল হোসেনের ১২ দফা নির্বাচনী ইশতেহার

আধুনিক ও মানবিক ঢাকা-৫ গড়াই লক্ষ্য’

Printed Edition
3rd-6
জামায়াত প্রার্থী কামাল হোসেনের ১২ দফা নির্বাচনী ইশতেহার

নিজস্ব প্রতিবেদক

সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, নিরাপদ আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ঢাকা-৫ নির্বাচনী এলাকাকে একটি উন্নত, পরিবেশবান্ধব ও মানবিক শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। তিনি গতকাল নির্বাচনী এলাকার উন্নয়নে এই বিস্তারিত কৌশলগত লক্ষ্য ও কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।

বিপ্লবের চেতনা ও সুশাসন : কামাল হোসেন তার কর্মপরিকল্পনায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সম্মান-মর্যাদা রক্ষা এবং তাদের পরিবারের আজীবন চিকিৎসা ও পুনর্বাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

এলাকার প্রধান সড়ক ও মোড়গুলো শহীদদের নামে নামকরণেরও ঘোষণা দেন তিনি। এ ছাড়াও প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দুর্নীতিমুক্ত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেন।

শিক্ষা ও কর্মসংস্থান : শিক্ষা খাতে বিপ্লব ঘটাতে তিনি সরকারি স্কুল, কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠার পাশাপাশি কওমি মাদরাসা শিক্ষার মানোন্নয়নের কথা বলেছেন। বেকারত্ব দূরীকরণে শিক্ষিত যুবকদের জন্য ‘স্টার্টআপ ফান্ড’ এবং আলেমদের জন্য আধুনিক আইটি ট্রেনিং ও ভাষা শিক্ষার ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে, যাতে তারা প্রবাসে সম্মানজনক কর্মসংস্থান পেতে পারেন। এ ছাড়াও বন্ধ হয়ে যাওয়া বাওয়ানি ও করীম জুট মিল আবার চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

অবকাঠামো ও জনসেবা

ঢাকা-৫ এলাকার দীর্ঘ দিনের সমস্যা নিরসনে তিনি ১২টি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছেন। সেগুলো হলো-

জলাবদ্ধতা নিরসন : খাল খনন, আধুনিক ড্রেনেজ-ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন।

পরিবহনে শৃঙ্খলা : যাত্রাবাড়ী-সায়েদাবাদ বাস টার্মিনালে চাঁদাবাজি বন্ধ এবং ডেমরা থেকে ফ্লাইওভারে সরাসরি ওঠার ব্যবস্থা।

স্বাস্থ্যসেবা : ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা এবং পাঁচ বছরের কম ও ৬০ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে চিকিৎসাসেবা।

নিরাপত্তা : মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূল করে নারী ও শিশুদের জন্য নিরাপদ শহর নিশ্চিত করা।

সামাজিক সম্প্রীতি ও অধিকার : ইশতেহারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিশেষ করে নারী ও ছাত্রীদের যাতায়াতের জন্য আলাদা বাস সার্ভিসের ব্যবস্থা করার পরিকল্পনাটি স্থানীয়দের নজর কেড়েছে।

পরিশেষে মোহাম্মদ কামাল হোসেন বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে আমরা মেধা ও সততার ভিত্তিতে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই।

ঢাকা-৫ এলাকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান কাজ।