মাঠের মানুষ মাহবুবের মাঠেই বিদায়
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
মাঠের মানুষ মাঠেই লুটিয়ে পড়েছেন, মাঠ থেকে বিদায় নিয়েছেন মাহবুব আলী জাকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইমাদ ওয়াসিমের বাঁ হাতি স্পিনের জাদুর পর আবদুল্লাহ আল মামুন ও সাব্বির রহমানের চমৎকার ব্যাটিংয়ে পাঁচ উইকেটের জয় পেয়েছে ঢাকা। রাজশাহীর বিপক্ষে এই জয়কে জাকিকে উৎসর্গ করে ঢাকা ক্যাপিটালস।
দুনিয়া আসলে থাকার জায়গা নয়। প্লেয়ার কিনলেন, খেলার পরিকল্পনা সাজালেন কিন্তু খেলার দিনেই চলে গেলেন না ফেরার দেশে। একজন অমায়িক মানুষ ছিলেন। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ জাকি গতকাল ম্যাচে টসের পর মাঠেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হলেও শেষ পর্যন্ত তাকে রক্ষা করা যায়নি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অকাল প্রয়াণে ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নীরবে কাজ করে গেছে বয়সভিত্তিক দলগুলোতে। তার অবদান অবিস্মরণীয়। বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণের প্রাণ তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের গড়ে তোলার নেপথ্য কারিগর তিনি। পেস বোলারদের গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে গেছেন। ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের কোচ জাকি। আকবর আলীদের ইতিহাস গড়া দলে শরীফুল, তানজিম সাকিবদের বারুদে ঠাসা শরীরিভাষা, দুর্দান্ত বোলিংয়ের কারিগর সবসময় বলতেন, পেসাররা হবে গতিশীল, আক্রমণাত্মক। বাংলাদেশের বিশাল একটা পেস ইউনিট গড়ে তোলার স্বপ্ন দেখতেন সবসময়।
জানা গেছে কুমিল্লার শিব নারায়ণ দাস বাংলাদেশের পতাকার মূল ডিজাইনার। জাকি ভাইয়ের বাবাও বাংলাদেশের পতাকা ডিজাইন, বানানোর সাথে জড়িত ছিলেন।
মাহবুব আলীর মৃত্যুতে শোক জানিয়ে তামিম ইকবাল লিখেছেন, ‘জাকি ভাইয়ের আকস্মিক প্রয়াণে গভীর শোকে স্তব্ধ হয়ে আছি। ক্রিকেট মাঠে আমি নিজেও একই রকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, আজও সেই স্মৃতি বুক কাঁপিয়ে তোলে। আল্লাহর অশেষ রহমতে তখন বেঁচে গিয়েছিলাম; কিন্তু জাকি ভাই আমাদের মাঝ থেকে চিরতরে চলে গেলেন।’
এ ছাড়াও শোক জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস ও সাকিব আল হাসান।