ভাসানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে : ডা: জুবাইদা রহমান
Printed Edition
বাসস
রাজধানীর ভাষানটেকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদা রহমান।
শনিবার ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাসানটেক এলাকায় উপস্থিত হন ডা: জুবাইদা রহমান।
সেখানে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন, যাতে করে তারা তাৎক্ষণিকভাবে দৈনন্দিন জীবন চালিয়ে নিতে পারেন।
ভাসানটেক বস্তিতে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোর মানবিক সঙ্কট লাঘবে তিনি সরাসরি ঘটনাস্থলে গিয়ে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহু পরিবারের সদস্যরা তাদের বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার বিষয়টিকেও গুরুত্ব দেয়া হয়।
এ উপলক্ষে এলাকায় মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
সেখানে প্রয়োজন অনুযায়ী ওষুধপত্রও সরবরাহ করা হয়।
এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও ডা: ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।