লেবানিজ সেনাবাহিনীর সাথে সঙ্ঘাতে যাবে না হিজবুল্লাহ
Printed Edition
মেহের নিউজ
লেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ লেবানিজ সেনাবাহিনীর সাথে কোনো ধরনের সঙ্ঘাতে জড়াবে না এবং দেশটির অভ্যন্তরীণ বিভাজন বা গৃহবিবাদ মেনে নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিষদের প্রধান শেখ আলি দামুশ। শুক্রবার বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহর সাইয়্যেদা জায়নাব মসজিদে জুমার নামাজে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
শেখ আলি দামুশ বলেন, ‘লিটানি নদীর দক্ষিণে লেবানিজ সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপের ফলে ইসরাইলি আগ্রাসন বন্ধ হবে এবং দখলকৃত এলাকা থেকে ইসরাইল সরে যাবে-এমন যে দাবি করা হয়েছিল, সময়ের সাথে সাথে তা ভেঙে পড়েছে।’ তিনি উল্লেখ করেন, সেনাবাহিনী তথাকথিত ‘প্রথম ধাপ’ বাস্তবায়নের প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও ইসরাইলি হামলা বন্ধ হয়নি, বরং আরো বেড়েছে। একই সাথে কোনো দখলকৃত এলাকা থেকেও ইসরাইলি সেনা প্রত্যাহার করা হয়নি। উল্টো, ইসরাইল সেনাবাহিনীর পদক্ষেপকে সম্পূর্ণ উপেক্ষা করে আগ্রাসন জোরদার করেছে।
আল-মানার টিভির ইংরেজি ওয়েবসাইট জানিয়েছে, শেখ দামুশ লেবাননের কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করে বলেন, চুক্তির আওতায় লেবাননের করণীয় বিষয়গুলোকে ইসরাইলের বাধ্যবাধকতা থেকে আলাদা করে দেখানো একটি বড় ভুল সিদ্ধান্ত। এর ফলে চুক্তিটি একতরফাভাবে বাস্তবায়নের দায় লেবাননের ওপর পড়েছে। তিনি জোর দিয়ে বলেন, লিটানির দক্ষিণে গৃহীত ব্যবস্থাগুলো পারস্পরিক; লেবানন যদি তার অঙ্গীকার পূরণ করে থাকে, তবে ইসরাইলকেও অবশ্যই তা করতে হবে।
তিনি আরো বলেন, ইসরাইল দখলকৃত অবস্থান থেকে সেনা প্রত্যাহার না করা, হামলা বন্ধ না করা, বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরার সুযোগ না দেয়া এবং পুনর্গঠনের পথ খুলে না দেয়া পর্যন্ত তথাকথিত ‘প্রথম ধাপ’ সম্পন্ন হয়েছে বলা যায় না। কেবল সেনা মোতায়েনের মাধ্যমে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়।