গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন জাপার ভাইস-চেয়ারম্যান রঞ্জু
Printed Edition
ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন না পেয়ে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এর আগে গত ২২ ডিসেম্বর রাতে জাতীয় পার্টির পক্ষ থেকে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে এ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করা হয়। ফলে মনোনয়নবঞ্চিত হন অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু।
স্থানীয় জাপার নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত থেকে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তৃণমূল পর্যায়ে নিরলস কাজ করেছেন সাঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রঞ্জু। স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়ে রঞ্জু বলেন, ‘দলের দুঃসময়েও আমি সাঘাটা উপজেলা পরিষদে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মনোনয়ন প্রক্রিয়ায় দলের প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগ ও অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।’ দলীয় সিদ্ধান্তে হতাশ হলেও ভেঙে পড়েননি জানিয়ে তিনি আরো বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সাধারণ মানুষের ভালোবাসা এবং সমর্থনই তাকে নতুন করে উজ্জীবিত করেছে। জনগণের প্রত্যাশা পূরণেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে স্থানীয় ভোটার ও বিশ্লেষকদের মতে, তার এই সিদ্ধান্তে গাইবান্ধা-৫ আসনের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হয়েছে।