পাকিস্তানি ফুটবলারে বদলে যাওয়া ব্রাদার্স

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

  • ব্রাদার্স ৩-০ পিডব্লিউডি
  • ঢাকা আবাহনী ১-১ রহমতগঞ্জ

পুনরায় ঘরোয়া ফুটবল মাঠে গড়ানোর পর দারুণ ফর্মে ব্রাদার্স ইউনিয়ন। দুই ম্যাচেই অপরাজিত তারা। ফিরতি পরে লিগের ম্যাচে তাদের ১-১ গোলে ড্র ছিল বাংলাদেশ পুলিশের সাথে। আর গতকাল ফেডারেশন কাপের ম্যাচে গোপীবাগের দলটির ৩-০তে জয় পিডব্লিউডির বিপক্ষে। দুই ম্যাচেই গোল করেছেন তাদের নতুন পাকিস্তানি রিক্রুট শায়েক দোস্ত। কমলা রঙের জার্সিধারীদের এই জয়ের দিনে হার এড়িয়েছে ঢাকা আবাহনী। তারা ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছে রহমতগঞ্জের সাথে। অথচ এই পুরান ঢাকার দলকেই লিগের সর্বশেষ ম্যাচে ৪-১ গোলে হারিয়েছিল আকাশী নীল শিবির। বসুন্ধরা কিংস এরিনায় এই জয়ের ফলে ব্রাদার্স ইউনিয়ন ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের শীর্ষে আছে। ৩ খেলায় ৭ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। আর কাল ড্র করে আবাহনীর ভাণ্ডারে ৪ পয়েন্ট। জিততে না পারা রহমতগঞ্জ ২ পয়েন্ট নিয়ে চার নাম্বারে আছে। তিন নাম্বারে তিন পয়েন্ট পাওয়া পিডব্লিউডি। সবার নিচে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল।

১২ মিনিটে শায়েক দোস্তের গোলে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। ৫৮ মিনিটে স্কোর দ্বিগুণ করেন গিনির কেরফালা কোয়েয়াতে। এর পর ৯৪ মিনিটে ইনসান গোল করলে ৩-০তে জয় নিশ্চিত হয় ওমর সিসের দলের। ব্রাদার্স প্রথম ম্যাচে ড্র করেছিল রহমতগঞ্জের সাথে। এরপর তারা ১-০তে হারিয়েছিল ঢাকা আবাহনীকে। উল্লেখ্য সাফ কোটায় ব্রাদার্স ইউনিয়নে খেলছেন ৫ পাকিস্তানি ফুটবলার। এ ছাড়া গিনির তিনজন এবং সেনেগাল ও নাইজেরিয়ার একজন করে ফুটবলার আছে।

লিগের সর্বশেষ ম্যাচের মতো গতকালও আবাহনী ম্যাচ খেলেছিল কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে। লিগের ম্যাচে বড় জয় পেলেও কাল তারা আর জিততে পারেনি কামাল বাবুর রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সাথে। ৯ মিনিটে আর্নেস্ট বোয়েটাংয়ের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। এর পর প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে আবাহনীকে পয়েন্ট এনে দেন শেখ মোরসালিন।