উটের সৌন্দর্যেও জালিয়াতি!
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ওমানে আয়োজিত ২০২৬ সালের ‘ক্যামেল বিউটি শো ফেস্টিভ্যাল’-এ কৃত্রিমভাবে সৌন্দর্য বাড়ানোর অভিযোগে ২০টি উটকে প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হয়েছে। উটের কুঁজ ও মুখমণ্ডলের শ্রী বাড়াতে বোটক্স ইনজেকশন, সিলিকন ওয়াক্স এবং ফিলার ব্যবহার করার প্রমাণ পাওয়ায় আয়োজক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
ওমানের আল মুসানা এলাকায় গত মাসে অনুষ্ঠিত এই মেলায় পশুচিকিৎসক ও পরিদর্শকরা পরীক্ষার সময় দেখতে পান, বেশ কিছু উটের কুঁজ বড় করতে মানুষের ব্যবহৃত ডার্মাল ফিলারের মতো এক ধরনের ইনজেকশন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া উটের ঠোঁট আকর্ষণীয় করতে হায়ালুরোনিক অ্যাসিড, মুখমণ্ডল মসৃণ করতে বোটক্স এবং কুঁজ ফোলাতে সিলিকন ওয়াক্স ব্যবহার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে উটের প্রজনন শিল্প অত্যন্ত লাভজনক এবং এ ধরনের প্রতিযোগিতার শিরোপার সাথে জড়িয়ে থাকে মিলিয়ন ডলারের পুরস্কার। জয়ী উটের বাজারমূল্য এক লাফে অনেক বেড়ে যায় এবং এটি পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। এই লোভে পড়েই মালিকরা অনৈতিকভাবে উটের শারীরিক পরিবর্তন ঘটিয়ে প্রতিযোগিতায় জেতার চেষ্টা করেন।
আয়োজক কমিটির একজন মুখপাত্র বলেন, ‘আমরা উটের সৌন্দর্য বর্ধনে যেকোনো ধরনের কারচুপি এবং প্রতারণা বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের ওপর আরো কঠোর জরিমানা ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’
উল্লেখ্য, এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম উটের মেলা কিং আব্দুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যালেও বোটক্স ব্যবহারের দায়ে বহু উটকে প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হয়। সেখানে পুরস্কারের অর্থমূল্য ছিল প্রায় ৬০ মিলিয়ন (ছয় কোটি) ডলার।