সন্ত্রাসীদের ঘেরাওয়ের মুখে বিজিবি টহল দল

পানছড়ি সীমান্ত হতে ১৪শ’ রাউন্ড গুলি উদ্ধার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে ১৪শ’ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার বিকেলে এই অভিযান পরিচালনার সময় বিজিবি সদস্যদের সন্ত্রাসীদের ঘেরাওয়ের কবলে পড়তে হয়েছে বলেও জানা গেছে।

বিজিবি সূত্র জানিয়েছে, গত শুক্রবার বিকেলে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা বিপুল পরিমাণ অ্যামোনিশন পরিবহনের গোয়েন্দা তথ্য আসে। ওই তথ্যের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো: শাহআলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল বৌদ্ধমনিপাড়া এলাকায় ফাঁদ পেতে বসে থাকে। বিকেল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দু’টি মোটরসাইকেলযোগে সন্দেহভাজন চারজন মোটরসাইকেল আরোহী যাওয়ার সময় টহল কমান্ডার তাদের চ্যালেঞ্জ করলে তারা পাহাড়ের বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল এলাকা তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় দু’টি মোটরসাইকেল ও ১৪শ’ রাউন্ড অ্যামোনিশন উদ্ধার করে।

এ দিকে উদ্ধারকৃত মোটরসাইকেল ও অ্যামোনিশন বিওপিতে নিয়ে আসার সময় পথিমধ্যে সন্ত্রাসী গ্রুপের শতাধিক সদস্য টহল দলকে ঘেরাও করে। খবর পেয়ে পানছড়ি ব্যাটালিয়ন সদর হতে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে আরো দু’টি বিশেষ টহল দল দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে যাওয়ার সংবাদ পেয়ে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ধীরে ধীরে পিছু হটে। পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক বলেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে যা অব্যাহত থাকবে।

বিজিবির চট্টগ্রামস্থ দক্ষিণ পূর্ব রিজিয়ন সদর দফতরের পরিচালক অপারেশন লে: কর্নেল মো: মাহামুদুল হাসান জানান, এই রিজিয়ন নিয়মিতভাবে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে, এসব উদ্ধার কার্যক্রম তারই অংশ। পার্বত্য চট্টগ্রামে চোরাকারবারী ও সন্ত্রাসীরা যে ধরনের পদ্ধতি অবলম্বন করুক না কেন চট্টগ্রাম রিজিয়ন সেসব কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় কার্যকরী ভূমিকা পালন করবে। তিনি আগামীতেও এই ধারা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।