সিলেটের জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো: আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১ নম্বর বারহাল ইউনিয়নের খিলোগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল জব্বার খিলোগ্রাম গ্রামের মৃত তোফজ্জল আলী ওরফে উমই মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলার অপরাধ দমন, মাদক উদ্ধার, আসামি গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে জকিগঞ্জ থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল খিলোগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল জব্বারের বসতবাড়ির আঙিনা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জকিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৫ আগস্ট ২০২৬ তারিখে রুজু করা হয়।

গ্রেফতার ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।