সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

কয়রায় নৌকাডুবিতে দুই জেলে নিখোঁজ

খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীতে নৌকাডুবিতে দুই জেলে নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তিন জেলে একটি নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে যায়। এতে একজন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর দুইজন নৌকাসহ পানিতে তলিয়ে যান। নিখোঁজরা হলেন- দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জোড়শিং গ্রামের মৃত শুধির মৃধার ছেলে উপেন মৃধা (৫০) এবং মৃত ধোনা মণ্ডলের ছেলে মুকেন্দ মণ্ডল (৪২)। কয়রা (খুলনা) সংবাদদাতা।


চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন

‘জাটকা ধরা থামাই যদি ইলিশে ভরবে সাগর-নদী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা ও বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, জেলে ও ইলিশ ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। যারা সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করে তাদের সততা। এই দুইটি যদি মিলে যায়, তাহলে বিশ্বাস করেন ইলিশ বাড়বে। শুধু আমাদের মানসিকতাটা পরিবর্তন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক মো: জিয়া হায়দার চৌধুরী। জাতীয় মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক মো: আলমগীর হোসেন ও হিসাবরক্ষক কর্মকর্তা তাপসী মরিয়মের সঞ্চালনায় জেলা প্রশাসক আহেমদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো: রবিউল হাসান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র প্রমুখ। চাঁদপুর প্রতিনিধি।


সালথায় ১৯৩ লিটার পেট্রল জব্দ

ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও পরিবহনের অভিযোগে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: দবির উদ্দিন এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে একটি ইজিবাইকযোগে ১৯৩ লিটার পেট্রল বহন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা ।


ধামরাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

উপজেলা প্রশাসন আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় ঢাকার ধামরাইয়ে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা গতকাল বুধবার উপজেলা পরিষদ মাঠে শুরু হয়েছে। ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে ও মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ধামরাই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মাধ্যমিক স্কুল ও কলেজগুলো অংশ নেয়। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।


ঘুষ না দেয়ায় কাজ বন্ধের অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো: ইমরুল হাসানের বিরুদ্ধে ২ শতাংশ ঘুষ না দেয়ায় একটি সড়কের উন্নয়ন কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। কাজ বন্ধ থাকায় সিমেন্ট, বালু ও রডসহ বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী নষ্ট ও চুরি হয়ে যাওয়ায় প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী ঠিকাদার। অভিযোগ সূত্রে জানা গেছে, সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়ন পরিষদ থেকে ধুল্লা ভায়া খুনিরটেক বাজার পর্যন্ত ২ হাজার মিটার সড়ক উন্নয়নের কাজ পায় ‘এস আর ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান। ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ের এই কাজের কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদার মালামাল মজুদ করে কাজ শুরু করতে চাইলে উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী কাজ বন্ধ করে দেন। ঠিকাদার মো: রুমান মিয়ার অভিযোগ, কাজ শুরুর আগে মোট বরাদ্দের ২ শতাংশ টাকা ঘুষ দাবি করেন প্রকৌশলী মো: ইমরুল হাসান। ঘুষ দিতে রাজি না হওয়ায় গত দুই মাস ধরে কাজ বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ দিন কাজ বন্ধ থাকায় সাইটে থাকা ২০০ ব্যাগ সিমেন্ট জমে নষ্ট হয়ে গেছে এবং রড, পাথর ও বালুর বড় একটি অংশ চুরি হয়ে গেছে। এ বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী মো: ইমরুল হাসানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি। সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা।


চৌগাছায় কৃষকের পটোলক্ষেত কেটে সাবাড়

যশোরের চৌগাছায় শত্রুতা করে এক কৃষকের ফলন্ত ১০ কাঠা জমির পটোল ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষক দুখু মিয়ার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। দুখু উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। গত সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের কৈবিলার মাঠে। ক্ষতিগ্রস্ত কৃষক দুখু মিয়া বড়খানপুর গ্রামের মইনাল হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৩) ও একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে কামাল হোসেনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার দিন তিনি ভোরে পটোল ক্ষেতে ফুল ছুঁয়াতে গেলে এ ঘটনা তার চোখে পড়ে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ আমাকে বিভিন্নভাবে ক্ষতি করে আসছিল। তারা কারণে অকারণে আমার সাথে ঝামেলা করত। মাঝে মধ্যে গোলযোগ করে আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন তারা আমার পটোল ক্ষেতে ঢুকে দা-কাঁচি দিয়ে পটোল গাছ কেটে সাবাড় করে দিয়েছে। চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশব্বির হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ধরনের ঘটনা দুঃখজনক। অভিযোগও পেয়েছি তদন্তপূর্বক দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। চৌগাছা (যশোর) সংবাদদাতা।


কমলগঞ্জে আ’লীগ নেতাকে বিএনপির সংবর্ধনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নে এক রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একটি মামলায় জামিনপ্রাপ্ত আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির স্থানীয় নেতা দুরুদ আহমদ মাস্টারের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসিদ আলী, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তার বিরুদ্ধে অতীতে বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর মধ্যে বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, আর্থিক লেনদেনের মাধ্যমে একতরফা সিদ্ধান্ত এবং সাংবাদিক অপহরণের মামলার মতো গুরুতর অভিযোগও রয়েছে বলে দাবি স্থানীয়দের। এমন প্রেক্ষাপটে জামিনে মুক্তির পর তাকে সংবর্ধনা দেয়ার ঘটনায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও ত্যাগের পরও কেন এমন বিতর্কিত সিদ্ধান্ত নেয়া হলো। এ বিষয়ে জানতে চাইলে আসিদ আলী সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্য দিকে দুরুদ আহমদ মাস্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ ঘটনাকে ‘অনৈতিক’ উল্লেখ করে বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণœ করেছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা।