ইকবালের মনোনয়ন পুনঃবহালের দাবিতে বাজিতপুরে বিক্ষোভ

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে সদ্য বিএনপিতে যোগ দেয়া সৈয়দ এহসানুল হুদাকে মনোনয়ন দেয়ায় ক্ষোভ প্রকাশ করে টানা কর্মসূচি পালন করছেন ইকবাল সমর্থক নেতাকর্মীরা।

জানা গেছে, গত ২২ ডিসেম্বর নিজের বাবার গড়া দল ‘বাংলাদেশ জাতীয় দল’ বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন সৈয়দ এহসানুল হুদা। এর পরপরই এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত শেখ মজিবুর রহমান ইকবালের নাম বাদ দিয়ে এহসানুল হুদাকে প্রার্থী ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত ২৪ ডিসেম্বর রেলপথ অবরোধসহ বিক্ষোভে নামেন ইকবাল সমর্থকরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একদিন বিরতি দিয়ে ফের আন্দোলনে নামেন তারা।

গত শুক্রবার বিকেলে বাজিতপুর উপজেলার সরারচরে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে মনোনয়ন চাপিয়ে দেয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না।

বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি আরো জানান, সৈয়দ এহসানুল হুদাকে বাজিতপুর-নিকলীতে প্রবেশ করতে দেয়া হবে না। শেখ মজিবুর রহমান ইকবাল দীর্ঘদিন ধরে এ এলাকার গণমানুষের পাশে থাকা একজন ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা। তাকে বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিলে দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকেলেও বাজিতপুর বাজারে জনসভা ও মশাল মিছিলের ঘোষণা দেয়া হয়েছে।