নরওয়েকে পাত্তাই দিলো না বিধ্বংসী ফ্রান্স
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের ‘আই’ গ্রুপে আগেই নকআউট নিশ্চিত করেছিল ফ্রান্স ও নরওয়ে। বাকি ছিল গ্রুপসেরার লড়াই। সেই লড়াইয়ে অপ্রতিরোধ্য হয়েই থাকল ফরাসিরা। নরওয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ম্যাচ। সেই ম্যাচে উসমান দেম্বেলের হ্যাটট্রিকের সুবাদে গ্রুপসেরা হয়েই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে বিধ্বংসী ফ্রান্স। নরওয়েজিয়ানদের ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের বোস্টনে পুরো ম্যাচেই বল দখল ও আক্রমণে আধিপত্য করে ফ্রান্স। এ সময় গোলের জন্য নেয়া ১৯ শটের ১০টি লক্ষ্যে রেখে চারবার জালের দেখা পায় দিদিয়ের দেশমের দল। ম্যাচ শুরুর ৭ মিনিটেরই এমবাপ্পের পাসে গোল করে দলকে এগিয়ে নেন দেম্বেলে। ২০ মিনিটে ফ্রান্সের দ্বিতীয় গোলের নেপথ্যেও দুই তারকার যুগলবন্দী। মাঝমাঠে বল ধরে দেম্বেলেকে দেন এমবাপ্পে। নরওয়ের তিন ডিফেন্ডারের বাধা টপকে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন পিএসজির এই তারকা। পরের মিনিটেই নরওয়ের থেলো আসগার্ড গোল করে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলেন। কিন্তু ৩২ মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক পূর্ণ করা গোলে আবার পিছিয়ে পড়ে নরওয়ে। পেনাল্টি বক্সের ভেতরে অরলিন চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন তিনি। আর্জেন্টিনার লিওনেল মেসি, কানাডার জোনাথন ডেভিডের পর তৃতীয় ফুটবলার হিসেবে চলতি বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন দেম্বেলে।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই পেনাল্টি পায় নরওয়ে। থিও হার্নান্দেজ বক্সের ভেতরে ওস্কার ববকে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে পেনাল্টি নিতে আসা জর্গেন স্ট্র্যান্ড লারসেনের নেয়া দুর্বল শট ঠেকিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক মাইক ম্যাগনান। নরওয়ের হয়ে পেনাল্টি আদায় করা ওস্কার বব এই অর্ধে আরেকটি সুযোগ পেয়েছিলেন ম্যাচে উত্তেজনা ফেরানোর। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারলেন না তিনি। তার নেয়া শটটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক।
নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফ্রান্সের বড় জয় নিশ্চিত করেন দেজিরে দুয়ে।
একই সময় শুরু হওয়া গ্রুপের অন্য ম্যাচে ১০ জনের দল ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সেনেগাল। আর এই জয়ে তৃতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে সাদিও মানের দেশটি।