জনকেন্দ্রিক সহযোগিতা বাড়াতে চায় ভারত : বিদায়ী হাইকমিশনার

Printed Edition
back-2
জনকেন্দ্রিক সহযোগিতা বাড়াতে চায় ভারত : বিদায়ী হাইকমিশনার

কূটনৈতিক প্রতিবেদক

উভয় দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সাথে সঙ্গতি রেখে এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের জনগণ ও সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত।

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করে ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা এ অভিমত ব্যক্ত করেন। প্রণয় ভার্মা ব্রাসেলস ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী।

ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। উভয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষেপে পর্যালোচনা করেন। তারা দুই দেশের নতুন সক্ষমতা ও নতুন আকাক্সক্ষার দ্বারা চালিত এই সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্কের প্রত্যাশা করেন। তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।