নারায়ণগঞ্জে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়েছে দুর্বৃত্তরা

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা

নারায়ণগঞ্জের মাদকবিরোধী অভিযান পরিচালনার আগে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাদা পোশাকে থাকা র‌্যাবের গোয়েন্দা দলের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেলা ১টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে র‌্যাব সদস্য মাহী ও ইব্রাহীমকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যাব-১১ এর গোয়েন্দা শাখার পাঁচ থেকে ছয়জন সদস্য বোয়ালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করতে যান। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের ধারালো অস্ত্রসহ ধাওয়া করে। এ সময় তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, র‌্যাব সদস্যদের মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।