টেকসই শান্তির জন্য সুশাসন ও জবাবদিহিতা অপরিহার্য : আইআইইউসি প্রোভিসি
Printed Edition
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে ‘পিস গভর্ন্যান্স ফোরাম : শান্তি বাংলাদেশ ইনিশিয়েটিভ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী বলেন, ‘ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র- সর্বস্তরে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য। সুশাসনের অভাব হলে সমাজে অস্থিরতা, সহিংসতা ও সংঘাতের সৃষ্টি হয়, যা সামগ্রিক স্থিতিশীলতার জন্য হুমকি। একটি ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ নির্মাণ করতে পারি।’
শান্তি প্রতিষ্ঠায় বাধার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আধিপত্য বিস্তারের মানসিকতা ও অন্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা সামাজিক শান্তি নষ্ট করে। বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাতের মূলে রয়েছে এই নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রবণতা। শান্তি বজায় রাখতে আমাদের সবাইকে ধৈর্যশীল, সহানুভূতিশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে।’ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও সঠিক পথে চলার আহ্বান জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘হেভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস, রেস্টোরেশন অব লাইট গ্লোবাল থ্রি ব্রাঞ্চ’-এর আইপিওয়াইজি বিভাগের সমন্বয়ক জ্যাকব বে এবং পিস এডুকেশন বিভাগের সমন্বয়ক বেনজামিন কিম। আইআইইউসির আইন বিভাগের সহযোগী অধ্যাপক মহি উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাইমুল আহসান খান। স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।