ছোট সমস্যায় ফায়ার লাইসেন্স নবায়ন না করলে বহু কারখানা বন্ধ হয়ে যাবে : বিজিএমইএ
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-পরিচালকের সাথে ফায়ার লাইসেন্স নবায়নে জটিলতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে বিজিএমইএ নেতারা মতবিনিময় করেছেন। চট্টগ্রামের বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে গত রোববার সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়।
এতে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, চট্টগ্রামের কিছু কারখানা অনেক বড় হয়ে গেলেও অধিকাংশ কারখানা এখনো ছোট বা মাঝারি পর্যায়ে রয়েছে। এই ছোট কারখানাগুলো উৎপাদনে ৬৫ শতাংশ সহযোগিতা করে দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নানা প্রতিবদ্ধকতার কারণে কারখানাগুলোর কিছু ছোট সমস্যা থাকে। আমি ফায়ার সার্ভিসকে বলব- তাদের সমস্যাগুলো বড় করে দেখে ফায়ার লাইসেন্স নবায়ন বন্ধ রাখা উচিত নয়। কারণ ছোট সমস্যার কারণে তাদের ফায়ার লাইসেন্স নবায়ন বন্ধ রাখলে চট্টগ্রামে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে। এর বড় প্রভাব পড়বে জিডিপিতে। একইসাথে বেকার হবে দেশের লাখ লাখ শ্রমিক।
তিনি বলেন, বিদেশের কারখানাগুলোতে ফায়ার সেফটি আইনে ১০ মিটার উচ্চতা পর্যন্ত ফায়ার হাইড্র্যান্টের বাধ্যবাধকতা নেই। কিন্তু দেশে একতলা কারখানা ভবনেও হাইড্র্যান্ট বাধ্যতামূলক। বিষয়টি বিবেচনা করা দরকার।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো: জসিম উদ্দিন বলেন, পোশাকশিল্প কারখানাগুলোকে অগ্নিদুর্ঘটনা থেকে রক্ষার জন্য ফায়ার সার্ভিস নিরলস কাজ করছে। পোশাকশিল্প মালিকদের আশ্বস্ত করতে চাই- যত দ্রুত সম্ভব ফায়ার লাইসেন্স নবায়নে জটিলতা নিরসন করব।
সভায় বক্তব্য রাখেন- বিজিএমইএর পরিচালক মো: সাইফ উল্যাহ মানসুর ও রাকিবুল আলম চৌধুরী, সাবেক পরিচালক মোহাম্মদ মুসা, ডিজাইন অ্যাপারেলের এমডি মো: ইলিয়াস চৌধুরী, ইউনিভার্সেল সুয়েটারের এমডি ফাইজুল মতিন, ফ্যাশন অব ওয়ালসের এমডি ওদুদ মোহাম্মদ চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।