নারীদের ধর্ষণ থেকে রক্ষা করতে পারে মার্শাল আর্ট : রুবেল
Printed Edition
চলমান আইনশৃঙ্খলার অবনতির মধ্যে একের পর এক ধর্ষণ ও নারী উত্ত্যক্তের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। এসব ঘটনার মধ্যে বিশেষ করে নারী ও শিশুদের ওপর সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। দেশের নাগরিকদের মধ্যে শঙ্কা ও হতাশা সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির কারণে।
এমন পরিস্থিতিতে, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল নারীদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট বা কারাতে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন। সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কারাতে মেয়েদের জন্য অত্যন্ত দরকারি। এটি নারীকে শুধুমাত্র আত্মরক্ষায় সক্ষম করে তোলে, বরং তাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। আমি বহু বছর আগে, ময়মনসিংহে রূপার ওপর নির্যাতন হওয়ার পর বলেছিলাম, আমাদের কারাতে শেখা উচিত।’
রুবেল আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কারাতে শিক্ষা দেওয়া উচিত। বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তরুণীদের এই শিক্ষা গ্রহণ অত্যন্ত জরুরি। আমি মনে করি, ছেলেদের আগে নারীদের কারাতে শেখা উচিত।’ তিনি বিশ্বাস করেন যে, কারাতে শেখার মাধ্যমে নারী শুধু নিজেকে রক্ষা করতে সক্ষম হবে না, বরং নিজের পরিবারকেও রক্ষা করতে পারবে।
তিনি আরও উল্লেখ করেন, ‘আমি মনে করি, নারীদের জন্য মার্শাল আর্ট অপরিহার্য। প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তরুণীদের এই শিক্ষা দেয়া উচিত। যদি নারীদের কারাতে শেখানো যায়, তাহলে ধর্ষণ থেকে প্রায় ৭০ ভাগ নিরাপত্তা পাওয়া যাবে।’
রুবেলের দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরে আসা বেশ উল্লেখযোগ্য ছিল। তার সর্বশেষ ওয়েব কনটেন্ট ‘ব্ল্যাক মানি’তে তাকে অভিনয় করতে দেখা গেছে, যা নির্মাণ করেছেন রায়হান রাফী। সিরিজটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।