মদে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর অস্বীকার সৌদির

রয়টার্স
Printed Edition

সৌদি আরব ৭৩ বছর ধরে চলমান মদ নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরকে স্পষ্টভাবে অস্বীকার করেছে। দেশটির এক সরকারি কর্মকর্তা এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। ইসলামী শরিয়াহ অনুযায়ী মুসলমানদের জন্য মদ্যপান নিষিদ্ধ- এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি একটি ওয়াইন বিষয়ক ব্লগে দাবি করা হয়, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন সামনে রেখে পর্যটকদের জন্য নির্দিষ্ট এলাকায় মদ বিক্রির অনুমতি দিতে পারে সৌদি সরকার। তবে উক্ত খবরে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি। এরপরও বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সৌদি আরব বিগত কয়েক বছরে অর্থনৈতিক বৈচিত্র্য আনার লক্ষ্য নিয়ে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সংস্কার চালু করেছে।

তেলনির্ভরতা কমিয়ে বিশ্ব পর্যটক ও ব্যবসায়ীদের আকৃষ্ট করতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে মদ বিক্রির বিষয়ে সরকারি অবস্থান এখনো কঠোর। উল্লেখ্য, সৌদি আরব ও কুয়েত উপসাগরীয় অঞ্চলের দু’টি দেশ যেখানে মদ বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদিও ২০২৩ সালে রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি বিশেষ ‘আলকোহল স্টোর’ চালু করা হয়, যা সীমিত পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে সাধারণ পর্যটকদের জন্য এখনো মদের অনুমতি নেই এবং সরকার সেই অবস্থানে অনড় রয়েছে।