বেনাপোল বন্দরে নজরদারি বৃদ্ধি ও ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস
Printed Edition
বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি করা পণ্য চালানের প্রবেশ, খালাস প্রক্রিয়া ও বন্দরের দায়িত্ব সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন করেছে বন্দর কর্তৃপক্ষ। গত সোমবার সকালে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বন্দরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তিনি জানান, দুই দেশের মধ্যে পণ্য আদান-প্রদান প্রক্রিয়ায় প্রবেশমুখ ও বন্দরের অভ্যন্তরে রেজিস্টার রক্ষণাবেক্ষণ কঠোরভাবে করা হচ্ছে। কাস্টমস, বিজিবি ও সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে নিয়মানুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে খালাস প্রক্রিয়া বা রিলিজ অর্ডার কম্পিউটারাইজড হওয়ায় কাজ অনেকটা সহজ ও স্বচ্ছ হয়েছে।
বন্দরের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন বিষয়ে পরিচালক বলেন, দ্রুতই উপজেলা প্রশাসন ও পৌরসভার সাথে সমন্বয় করে উন্নত ড্রেনেজ সিস্টেম তৈরির মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হবে। পণ্য প্রবেশ ও খালাস প্রক্রিয়ায় কঠোর নজরদারি বজায় রাখতে বন্দর কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দরের উপপরিচালক রুহুল আমিন, কাজী রতনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বন্দরের আধুনিকায়ন ও ব্যবসায়ীদের হয়রানি রোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।