গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনার মধ্যেই ডেনমার্কে ভোট

Printed Edition

আলজাজিরা

ডেনমার্কে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান তাকে জনপ্রিয় করেছে।

প্রায় ৪৩ লাখ ভোটার নিবন্ধিত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৮টায় ভোট শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়েছে। রাতেই প্রাথমিক ফলাফল আসার কথা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভেনস্ট্রে দলের কেন্দ্র-ডানপন্থী প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পাউলসেন।

ভোট হচ্ছে এমন সময়ে, যখন ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের প্রচেষ্টা নিয়ে উত্তেজনা চলছে। ফ্রেডেরিকসেনের দৃঢ় প্রত্যাখ্যান তার জনপ্রিয়তা বাড়িয়েছে এবং সরকারকে স্থিতিশীল করেছে। তিনি গত মাসে আকস্মিকভাবে নির্বাচন ডাকেন। জনমত জরিপ বলছে, তার কেন্দ্র-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটরা ১৭৯ আসনের সংসদে সবচেয়ে বড় দল হিসেবে থাকতে পারে। তবে সামাজিক কর্মসূচি কমানো ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তারা শতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্বল ফলাফলের ঝুঁকিতে রয়েছে। গ্রিনল্যান্ড ইস্যু প্রচারণায় বড় বিষয় হয়নি।