দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত নাজিব রাজাক

Printed Edition
onno-3
দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত নাজিব রাজাক

এএফপি

মালয়েশিয়ার বহুল আলোচিত ‘১এমডিবি’ তহবিল কেলেঙ্কারি ও দুর্নীতি মামলায় শুক্রবার রায়ের মুখোমুখি হচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এই মামলায় দোষী সাব্যস্ত হলে বর্তমানে ভোগ করা সাজার পাশাপাশি তাকে আরো দীর্ঘ সময় কারাভোগ করতে হতে পারে। ৭২ বছর বয়সী নাজিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের চারটি এবং অর্থপাচারের ২১টি অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ রয়েছে, তিনি দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ‘১এমডিবি’ থেকে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছেন। এই বিশাল অর্থ কেলেঙ্কারির ঘটনায় বিশ্বের বেশ কয়েকটি দেশে তদন্ত চলছে। সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে ১এমডিবি সংশ্লিষ্ট অন্য একটি মামলায় ছয় বছরের কারাদণ্ড ভোগ করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় কুয়ালালামপুর হাইকোর্টে বিচারক কলিন লরেন্স সিকেরাহ রায় পড়া শুরু করেন। দীর্ঘ রায় হওয়ার কারণে জুমার নামাজের বিরতি দিয়ে বেলা ৩টায় পুনরায় শুনানি শুরুর কথা রয়েছে।

রায়ের পরপরই সাজা ঘোষণা করা হবে কি না, তা স্পষ্ট নয়। তবে এই মামলায় খালাস পেলেও নাজিবকে কারাগারে ফিরে আগের সাজা ভোগ শেষ করতে হবে।

নাজিব অবশ্য তার মেয়াদে ঘটে যাওয়া এই কেলেঙ্কারির জন্য ক্ষমা চেয়েছেন। তবে তিনি বরাবরই দাবি করে আসছেন যে অবৈধভাবে অর্থ সরানোর বিষয়ে তিনি কিছুই জানতেন না। এ দিকে গত সোমবার তার সাজা বাড়িতে কাটানোর আবেদনটিও আদালত নাকচ করে দেন। আইন অনুযায়ী, ক্ষমতার অপব্যবহারের প্রতিটি অভিযোগে নাজিবের সর্বোচ্চ ২০ বছরের জেল এবং হাতিয়ে নেয়া অর্থের পাঁচ গুণ জরিমানা হতে পারে।