দাউদকান্দিতে ড. মোশাররফ

আপনাদের অসমাপ্ত কাজ শেষ করার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন

Printed Edition

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এক সপ্তাহের বেশি লাইফ সাপোর্টে ছিলাম মহান আল্লাহর রহমত ও দেশবাসীর দোয়ায় আজ আমি আপনাদের খেদমতের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। হয়তো আপনাদের অসমাপ্ত কাজগুলো করার জন্য আল্লাহ তায়ালা আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই সবাই খেদমতের রাস্তাটুকু প্রশস্থ করবেন ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে।

গতকাল বিকেলে দাউদকান্দি গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে জনসভায় ড. মোশাররফ আরো বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্ধু নামের একটি দেশ ও তার দোসররা সহ্য করতে পারেনি; কিন্তু শহীদ জিয়ার আদর্শের দল বিএনপির কোটি কোটি মানুষের দেশাত্মবোধের কারণেই আজও ওই অপশক্তি আমাদের দেশটাকে করদরাজ্য বানাতে পারেনি। তবে সে লোলুপ দৃষ্টি এখনো আমাদের দিকে তেড়ে আসছে, এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার সন্তুষ্টির জন্য বিপুল ভোটের ব্যবধানে দল মনোনীত সব প্রার্থীকে বিজয়ী করতে হবে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আজ সারা দেশের জনগণের পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার ভোটের দিন সব নারী-পুরুষ মা-বোনদের স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেয়া এবং সারা দিন কেন্দ্র পাহারা দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানান এ প্রবীণ রাজনীতিবিদ।

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, পৌর আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহআলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ প্রমুখ। পরে কলেজ মাঠ থেকে ড. মোশাররফের নেতৃত্বে একটি গণমিছিল মহাসড়ক হয়ে শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।