লক্ষ্মীপুরে হামলাকারীকে শহীদের তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টার প্রতিবাদ
Printed Edition
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গণপিটুনিতে নিহত সুজনকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা।
গতকাল লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
আহত যোদ্ধা ইউছুফ আলম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক পারভেজ, আহত আব্দুল মতিন ও হাবিবুর রহমান ফাহিম।
এ ছাড়াও শহীদ কাওছার হোসেন বিজয়ের পরিবার, শহীদ আফনানের মা নাছিমা বেগম, শহীদ সাব্বির হোসেনের বাবা, শহীদ ওসমান পাটওয়ারীর মাসহ বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট সুজন সন্ত্রাসী টিপুর সাথে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিল। পরে জনতার হাতে গণধোলাইয়ে সে মারা যায়। এ ছাড়া পতিত স্বৈরাচারী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্টে সুজনকে ছাত্রলীগ নেতা দাবি করা হয়।
তারা বলেন, ঘটনার পর তার লাশ দীর্ঘ ১০ দিন হাসপাতালে পড়ে ছিল, তখন নেয়ার মতো কেউ ছিল না। এখন একটি কুচক্রী মহল তাকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।
বক্তারা আরো বলেন, হামলায় জড়িত কাউকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হলে তা প্রকৃত শহীদদের প্রতি অবমাননার শামিল হবে। এমন সিদ্ধান্ত নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।