চট্টগ্রামে যুবদল ক্যাডার সবুজ গ্রেফতার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে নগরের কোতোয়ালি থানাধীন কোরবানীগঞ্জ বলুয়াদীঘি এলাকায় মো: মিনহাজ নামে এক যুবদল কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় মো: সবুজ (২৫) নামে যুবদল ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সময় ব্যবহৃত রক্তমাখা ধামাও উদ্ধার করা হয়। শুক্রবার কোতোয়ালি থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল সকালে ভুক্তভোগী মো: মিনহাজ (২৩) রিকশাযোগে কর্মস্থলে যাওয়ার সময় কোরবানীগঞ্জ বলুয়াদীঘির পাড় এলাকায় কয়েকজন য্বুদলের সদস্য তার রিকশার গতিরোধ করে। এ সময় আবদুল আউয়াল অপু, সবুজ, তুহিনসহ তিন-চারজন অজ্ঞাত ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মিনহাজকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলার একপর্যায়ে সবুজ মাথায় কোপ দিতে গেলে মিনহাজ হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার ডান হাতের কব্জির নিচ থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, বাকলিয়া যুবদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলা ও হাত কাটার ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার জানান, কোতোয়ালি থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকা থেকে সবুজকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে নগরের কোতোয়ালির পাথরঘাটা এলাকায় একটি দোকানের সামনে থেকে হামলায় ব্যবহৃত রক্তমাখা ধামা উদ্ধার করা হয়।