ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিআরএম বুথ চালু করেছে পূবালী ব্যাংক
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রেজিস্ট্রার ভবনে পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম/সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। নতুন এই এটিএম/সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকরা নগদ টাকা উত্তোলনের পাশাপাশি জমা দেয়া বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা সহজেই নিতে পারবেন, যা আধুনিক ও সময়োপযোগী ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল এই বুথ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন পূবালী ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ঢাবির প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্য অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা বিশ^বিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা, পূবালী ব্যাংকের কার্ড অপারেশন বিভাগের বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো: শামসুজ্জামান, শাহবাগ এভিনিউ শাখার উপমহাব্যবস্থাপক মোসা: মাসুমা খাতুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।