বাবাকে হারানোর পর শিউলী শিলা
Printed Edition
বিনোদন প্রতিবেদক
দুই বছর আগে মাকে হারিয়েছেন আর এক সপ্তাহ আগেই তিনি তার বাবা রফিকুল ইসলামকে হারিয়েছেন। মাকে হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই বাবাকে হারিয়ে অনেকটাই চুপচাপ হয়ে গেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলী শিলা। আপাতত শিউলী শিলা রাজধানীর বনশ্রীতে তার নিজ বাসাতেই তার স্বামী ও ছেলেকে নিয়ে নীরবে নিভৃতে সময় কাটাচ্ছেন। শিলা জানান, আপাতত তিনি কাজে ফিরছেন না। নিজের মতো করেই সময় কাটাবেন। শিউলী শিলা বলেন, ‘আমি কল্পনাও করতে পারিনি দুই বছরের মধ্যে আমি মা ও বাবাকে হারিয়ে এতিম হয়ে যাবো। এত দ্রুত আমার জীবনটা এমন হয়ে যাবে চিন্তাও করিনি কখনো। যখন মা চলে যায়, বাবার ভালোবাসাতেই নিজেকে আগলে রেখেছিলাম। কিন্তু কয়েক দিন আগে আব্বা যখন অসুস্থ হয়ে পড়লেন তখন আসলে ভাবতে পারিনি যে আব্বা কিছুটা সুস্থ হবার পর তিনি হঠাৎ করেই এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। আব্বার মৃত্যুর পর নিজেকে এতটা শূন্য শূন্য লাগছে তা বলে বুঝানোর মতো নয়। আসলে বাবা কিংবা মায়ের মতো এই দুনিয়াতে কেউ হয় না, কেউ না। তাদের শূন্যস্থান কোনো দিন পূরণ হয় না। আমি এই মুহুর্তে মানসিকভাবে খুব দুর্বল। জানি না এই সময়টা আসলে কীভাবে কাটিয়ে উঠব। তবে সবার কাছে আমার বাবা মায়ের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার বাবা মায়ের গুনাহ মাফ করে দিয়ে তাদের যেন আল্লাহ বেহেশত নসিব করেন।’ এদিকে কিছু দিন আগে প্রযোজক হিসেবে শিউলী শিলার যাত্রা শুরু হয়েছে। তারই প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ভালোবাসার সময় অসময়’। নাটকটি রচনা করেছেন লুৎফর হাসান এবং পরিচালনা করেছেন লুৎফর রহমান ও জয় সরকার।