ট্রাম্পের ইরান যুদ্ধ পরিকল্পনাহীন : বোল্টন
Printed Edition
বিবিসি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধকে ‘পরিকল্পনাহীন’ ও ‘এলোমেলো’ বলে বর্ণনা করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেছেন, ইরানে মার্কিন হামলা ‘সুচিন্তিত নয়’। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে এক বছরের কিছু বেশি সময় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তেহরানের সরকারকে বদলানোর দীর্ঘদিনের সমর্থক বোল্টন বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানকে বলেন, “ট্রাম্প যেভাবে এগোচ্ছেন, সেই পরিকল্পনাহীন পন্থার বদলে সঠিক উপায়ে এটি করা ভালো হতো।” বোল্টন আরো বলেন, “এ জন্য মার্কিন জনগণ প্রস্তুত ছিল না, কংগ্রেসও প্রস্তুত ছিল না, এমনকি মিত্র দেশগুলোও প্রস্তুত ছিল না।” বিশ্বের মোট তেল ও তরলিকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালির মধ্য দিয়ে পরিবহন করা হয়। বোল্টন বলেন, ইরান বুঝতে পেরেছে যে এ প্রণালি অবরোধ করলে তারা কতটা ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তিনি বলেন, “বাস্তবতা হলো, এ সরকার যদি ক্ষমতায় থাকে, তবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার প্রভাব কেমন হতে পারে, তার দৃশ্যমান প্রমাণ এখন তাদের (ইরানের শাসকগোষ্ঠী) কাছে আছে। এটি অনেকটা পারমাণবিক অস্ত্রের মতো না হলেও, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রফতানির বিষয়টি এখন তাদের ইচ্ছাধীন হয়ে পড়েছে।” ২০১৯ সালে হোয়াইট হাউজ ছাড়ার পর থেকেই ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত বোল্টন। নিজের স্মৃতিকথায় তিনি সাবেক বস ট্রাম্পকে ‘চরম অজ্ঞ’ ও দাফতরিক কাজের জন্য ‘অনুপযুক্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন।