যুক্তরাষ্ট্রে ঝড়ের তাণ্ডবে নিহত ২১
Printed Edition
যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরি অঙ্গরাজ্যে রাতভর বেশ কয়েকটি তীব্র ঝড় থেকে উৎপত্তি হওয়া টনের্ডোর তাণ্ডবে অন্তত ২১ জন নিহত হয়েছেন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ওই দুই অঙ্গরাজ্যের কর্মকর্তারা শনিবার জানিয়েছেন। কেন্টাকির গভর্নর অ্যান্ড্রি বেসিয়ার স্থানীয় সময় শনিবার সকালে সামাজিক মাধ্যম এক্স এ জানিয়েছেন, তার অঙ্গরাজ্যে অন্তত ১৪ জন নিহত হয়েছেন আর আরো খবর আসতে থাকায় সংখ্যাটি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
কেন্টাকির বৃহত্তম শহর লুইভেল থেকে প্রায় ১৫০ মাইল দক্ষিণে লরেল কাউন্টিতে অন্তত নয়জন নিহত হয়েছেন। লরেল কাউন্টির শেরিফ জন রুট ওই এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর তাণ্ডবকে ‘নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনা’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, এতে আরো বহু মানুষ গুরুতর আহত হয়েছেন আর জীবিতদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সামাজিক মাধ্যমে আসা আকাশ থেকে নেয়া ছবিগুলোতে দেখা গেছে, ঝড় ও টর্নেডোর ঝাপটায় লরেল কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো ব্লক ধরে বাড়িগুলো ছোট ছোট টুকরায় পরিণত হয়েছে।