ভারত থেকে এলো আরো ৮ হাজার মে. টন ডিজেল

Printed Edition

বাসস

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরো আট হাজার মেট্রিকটন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এ ডিজেল পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে।

গতকাল মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো: রবিউল আলম জানান, গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। শুক্রবার মধ্যরাতে পুরো চালান অর্থাৎ আট হাজার মেট্রিকটন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। বর্তমানে আমদানিকৃত ডিজেল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। সব কিছু স্বাভাবিক থাকলে আগামী ১৭ এপ্রিল আরো পাঁচ হাজার মেট্রিকটন ডিজেল আমদানির জন্য পাম্পিং করার পরিকল্পনা রয়েছে।

পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) মো: আহসান হাবিব চৌধুরী জানান, শুক্রবার মধ্যরাতে ডিপোতে আট হাজার ডিজেলের চালান এসেছে। ডিপোতে এখন পর্যাপ্ত ডিজেল মজুদ রয়েছে। এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় পাঁচ হাজার করে মোট ১০ হাজার মেট্রিকটন এবং ১ এপ্রিল আরো সাত হাজার মেট্রিকটন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। সর্বশেষ চালানসহ চার দফায় মোট ২৫ হাজার মেট্রিকটন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।

উল্লেখ্য, আসামের নুমালিগড় এ অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে ২০২১ সাল থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে পরিশোধিত ডিজেল বাংলাদেশে আমদানি করা হচ্ছে।