রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের বিবৃতি
মিথ্যাচার ও অপপ্রচার থেকে সচেতন থাকার আহ্বান
Printed Edition
অর্থনৈতিক প্রতিবেদক
রিহ্যাব নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যমে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্রেসিডেন্ট প্রার্থী ড. আলী আফজালকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন বলে দাবি করেছে পরিষদটি। বলা হয়েছে, এসব সংবাদে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি; বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট মহলের অপপ্রচারের অংশ বলেই প্রতীয়মান হচ্ছে।
রিহ্যাব-এর আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ড. আলী আফজালের ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ইতোমধ্যে দৃশ্যমান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আবাসন খাতে তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা, সফল উদ্যোক্তা হিসেবে সুনাম এবং সংগঠনের উন্নয়নে তার সুস্পষ্ট পরিকল্পনা তাকে সাধারণ সদস্যদের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ জনপ্রিয়তাকে ভয় পেয়ে একটি প্রতিপক্ষ গোষ্ঠী পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।
বিভিন্ন প্রতিবেদনে শেয়ারবাজার, ঋণ বা ভূমি-সংক্রান্ত যে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো বিকৃত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি বলে দাবি পরিষদের। বাস্তবে এসব বিষয়ের কোনো ভিত্তি নেই; বরং ব্যবসায়িক প্রতিযোগিতা ও প্রভাব বিস্তারের লড়াইয়ের অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে এসব বিষয় ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ড. আলী আফজাল বরাবরই আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার পক্ষপাতী। শিক্ষা, আবাসন ও শিল্প খাতে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে অবদান রাখার জন্য তিনি পরিচিত।
তার প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো মানুষ সরাসরি ও পরোক্ষভাবে উপকৃত হয়েছেন। একজন দায়িত্বশীল উদ্যোক্তা হিসেবে তিনি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতে বিশ্বাসী।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তথ্য যাচাই ছাড়া কোনো ব্যক্তির সুনাম ক্ষুণœ হয়- এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকা উচিত। একই সাথে সংশ্লিষ্ট মহলকে নির্বাচনকে ঘিরে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখা এবং মিথ্যাচার ও অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
সবশেষে বিবৃতিতে বলা হয়, সত্য কখনো চাপা থাকে না। ড. মো: আলী আফজালের বিরুদ্ধে অপপ্রচার যতই চালানো হোক না কেন, তার কাজ, সততা ও জনপ্রিয়তাই শেষ পর্যন্ত তাকে বিজয়ের পথে এগিয়ে নেবে।