জুলাই অভ্যুত্থানে জোরালো ভূমিকা রাখা ২ অধ্যাপককে ঢামেক থেকে বদলি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার পক্ষে জোরালো ভূমিকা পালনকারী ও জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা প্রদানকারী স্পাইন সার্জন ও শিক্ষক অধ্যাপক ডা: শহীদুল ইসলাম আকনকে ওএসডি করে বদলি করে দেয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে একই রকম ভূমিকা বিসিএস হেলথ ফোরামের সভাপতি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মো: মোস্তাফিজুর রহমানের। অধ্যাপক মোস্তাফিজুর রহমানও অল্প দিনের ব্যবধানে দুইবার বদলির আদেশ পেলেন।
স্পাইন সার্জন অধ্যাপক শহীদুল ইসলাম আকনকে বদলি (ওএসডি) করা হয়েছে ঢাকার কুর্মীটোলা জেনারেল হাসপাতালে। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে চিকিৎসা দেয়ায় স্বৈরাচার হাসিনা সরকার বিশিষ্ট স্পাইন সার্জন হওয়ার পরও তাকে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের বায়োকেমেস্ট্রি বিভাগে বদলি করে। আবারো দুই বছর পর আরেকটি অদ্ভূত বদলি করায় চিকিৎসকদের মধ্যে ক্ষোভ বেড়েছে। কারণ কুর্মীটোলা হাসপাতালে তার কোনো দায়িত্ব নেই, স্পাইন সার্জন হিসেবে তিনি সার্জারিও করতে পারবেন না। অপরদিকে অধ্যাপক মোস্তাফিজুর রহমান ছিলেন মুগদা মেডিক্যাল কলেজের অধ্যাপক। অল্প কয়েকদিন দায়িত্ব পালনের পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজে বদলি করে দেয়া হলেও তাকে সেখানে যোগদান করতে দেয়া হয়নি। ১৩ দিন এমন অবস্থার পর অধ্যাপক মোস্তাফিজকে বদলি করে দেয়া হয় মাতুয়াইল হাসপাতালে।
গত ১৩ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার সেবায় নিবেদিত চিকিৎসকদের ওএসডি, বদলি ও প্রশাসনিক হয়রানির অভিযোগ করেছে জামায়াত সমর্থিত চিকিৎসক সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। গতকাল বুধবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা: মাহমুদ হোসেন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মানবিক দায়িত্ব পালনকারী পেশাদার চিকিৎসকদের ওপর এমন প্রতিহিংসামূলক আচরণ স্বাস্থ্যখাতে অস্থিরতা ও ভয়ের সংস্কৃতি তৈরি করছে। বিশেষ করে অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি মেডিক্যাল শিক্ষা ব্যবস্থায় ধ্বংস ডেকে আনবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনডিএফ গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে আহত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক দায়িত্ব পালনকারী এবং পেশাগত সাহসিকতার পরিচয় দেয়া চিকিৎসকদের বিরুদ্ধে সাম্প্রতিক অযৌক্তিক বদলি, ওএসডি ও প্রশাসনিক হয়রানিমূলক পদক্ষেপের ঘটনায়। বিশেষভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্পাইন সার্জারির অধ্যাপক ডা: শহিদুল ইসলাম আকন এবং বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, বিসিএস হেলথ ফোরামের সভাপতি অধ্যাপক ডা: মো: মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ধারাবাহিক প্রশাসনিক পদক্ষেপ গভীরভাবে উদ্বেগজনক বলে অভিহিত করেন এনডিএফ নেতৃদ্বয়।