গাংনীতে ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল
Printed Edition
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভিডিওতে উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) আসাদুজ্জামানের উপস্থিতিতে এক ব্যক্তিকে টাকা নিতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, আসাদুজ্জামান অফিসে বসে কাজ করছেন এবং তার পাশে দাঁড়ানো এক যুবক, তাহিদ হোসেন সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, খাজনা-খারিজসহ বিভিন্ন সেবা নিতে গেলে নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। ঘুষ ছাড়া কোনো কাজ দ্রুত সম্পন্ন হয় না।
ভিডিওটি গোপনে ধারণ করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ অস্বীকার করে উপসহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ভিডিওতে দেখা যুবক অফিসের কোনো কর্মচারী নন, মাঝে মধ্যে সহযোগিতা করতে আসেন।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।