জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর নতুন ডিজি হুমায়ুন কবির

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নতুন মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহই করেছেন মো: আবুল হাছানাত হুমায়ুন কবির।

গতকাল রোববার দুপুরের পর তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহই করেন। এ সময় তাকে কর্মকর্তা কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।

গত ২১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রেষণ শাখা-১) যুগ্ম সচিব আবুল হায়াত মো: রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। ওই দিন পর্যন্ত তিনি খাদ্য অধিদফতরের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের দায়িত নেয়ার আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন।

গতকাল সাবেক একজন সচিব তার নিয়োগের বিষয়ে নয়া দিগন্তকে বলেন, হুমায়ুন কবির অভিবাসী সেক্টর সংশ্লিষ্টদের নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। বিএমইটির ডিজি হিসাবে তিনি একজন যোগ্য কর্মকর্তা বলে মনে হচ্ছে আমার কাছে। তার কাছ থেকে আমরা আরো ভালো কিছু পাবো বলে আমি আশাবাদী। গতকাল পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সের একজন রিক্রুটিং এজেন্সির মালিক নয়া দিগন্তকে বলেন, বর্তমানে বিএমইটির ডিজি, এডিজি স্যারসহ অন্য যেসব কর্মকর্তা দায়িত্বে আছেন তারা সবাই অভিজ্ঞ। আমরা এখন স্বাচ্ছন্দ্যে, ঝামেলামুক্তভাবে কাজ করতে পারবো।