১০০ ইউরোতে পিকাসোর ছবি!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

মাত্র ১০০ ইউরো খরচ করে ১০ লাখ ডলারের বেশি মূল্যের চিত্রকর্মের মালিক বনে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনাই বটে। কিন্তু বাস্তবেও এমন ঘটনা ঘটেছে পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম ঘিরে আয়োজিত বিশেষ র‌্যাফলে।

সিএনএন জানিয়েছে, ফ্রান্সের প্যারিসের বাসিন্দা শিল্পপ্রেমী আরি হোদারা একটি লটারিতে অংশ নিয়ে জিতে নিয়েছেন পিকাসোর ১৯৪১ সালের গৌয়াশ পেইন্টিং ‘টেট ডি ফেম’ বা ‘নারীর মাথা’। এই লটারির টিকিটের মূল্য ছিল ১০০ ইউরো, যা প্রায় ১১৭ ডলারের সমান। বাংলাদেশী মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১৪ হাজার টাকা।

জানা গেছে, এই র‌্যাফলে এক লাখ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। টিকিট বিক্রির পুরো অর্থ দেয়া হবে ‘আলঝেইমারস রিসার্চ ফাউন্ডেশন’কে। প্রতিষ্ঠানটি ইউরোপজুড়ে আলঝেইমার রোগ নিয়ে গবেষণায় সহায়তা করে।

লটারিতে বিজয়ী হিসেবে ঘোষিত হওয়ার খবর প্রথমে বিশ্বাসই করতে পারেননি হোদারা।

আয়োজকদের একজন ভিডিও কলে তাকে পুরো আয়োজন দেখানোর পরই তিনি নিশ্চিত হন। আপাতত চিত্রকর্মটি নিজের বাসায় রাখার সিদ্ধান্ত নেননি হোদারা। এটি সংরক্ষিত থাকবে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজের ভল্টে।

উল্লেখ্য, পিকাসোর অন্যান্য কাজ অতীতে বিপুল দামে বিক্রি হয়েছে; যেমন- ‘আলজিয়ার্সের নারীরা’ শিরোনামে একটি চিত্রকর্ম ২০১৫ সালে ১৭৯ মিলিয়ন ডলারের বেশি দামে বিক্রি হয়েছিল। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২ হাজার ২০১ কোটি টাকার বেশি।