দলের অ্যাকাউন্টে পৌনে ৫ কোটি টাকা

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের বিপরীতে আবেদন জমা ৯ শতাধিক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন ৩৬ জন। এর বিপরীতে প্রায় ১ হাজার ৩০০ জন মনোনয়ন ফরম কিনেছেন আর জমা দিয়েছেন নয় শতাধিক প্রার্থী। মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে রোববার টানা তিন দিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দলের নারী নেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ বিভিন্ন পেশার অনেকে ফরম কিনেছেন।

বিএনপির সহদফতর সম্পাদক তারিকুল ইসলাম বলেন, তিন দিনে প্রায় এক হাজার ৩০০ ফরম বিক্রি হয়েছে। এবার নারী আসনে বিএনপির মনোনয়ন ফরমের দাম ছিল দুই হাজার টাকা। তবে ফরম জমা দেয়ার সময় প্রত্যেক মনোনয়নপ্রত্যাশীর কাছ থেকে ৫০ হাজার টাকা জামানত (অফেরৎযোগ্য) নেয়া হয়েছে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে বলে জানিয়েছে ইসি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। আর ভোট আগামী ১২ মে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শেষ দিন পর্যন্ত জমা পড়েছে প্রায় ৯০০টির বেশি মনোনয়নপত্র।

তথ্য অনুযায়ী, প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা হিসেবে মোট বিক্রয়মূল্য দাঁড়িয়েছে আনুমানিক ২০ লাখ টাকারও বেশি। অন্য দিকে জমা পড়া প্রায় ৯০০টি মনোনয়নপত্রের প্রতিটির সাথে ৫০ হাজার টাকা করে জমা দেয়ার বিধান থাকায়, এ খাতে জমা পড়েছে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। ফলে ফরম বিক্রি ও জমা, দুই মিলিয়ে মোট আর্থিক লেনদেন দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকার বেশি।

তবে মনোনয়নপত্র জমা দেয়ার ক্ষেত্রে নির্ধারিত ৫০ হাজার টাকা নিয়ে অসন্তোষের কথাও শোনা যাচ্ছে। বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী মনে করছেন, এই অঙ্কটি অনেকের জন্যই অতিরিক্ত এবং এতে আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। তাদের ভাষ্য, সংরক্ষিত নারী আসনে অংশ নিতে আগ্রহ থাকলেও এত বড় অঙ্কের টাকা জমা দেয়া সবার পক্ষে সহজ নয়।