সারা দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন জেলা, পৌরসভা, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবসটি পালন করা হয়।
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সাপাহার (নওগাঁ) সংবাদদাতা জানান, সাপাহারে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় সাপাহার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বর্ণাঢ্য একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মহড়ার মাধ্যমে শেষ হয়।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে আলোচনা সভা ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।
দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা জানান, দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর বুড়িচং উপজেলার বাস্তবায়নে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) সংবাদদাতা জানান, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সকালে র্যালি ও মহড়া শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে ও শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতা, ফায়ার সার্ভিস সদস্য, সিপিপির সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র -ছাত্রীরা উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গোবিন্দগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতর গোবিন্দগঞ্জের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ধামরাই উপজেলা প্রশাসন আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর বাস্তবায়নে র্যালি, দুর্যোগ প্রস্তুতি অগ্নিনির্বাপাক মহড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আল আমিন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এম এ হাসান ও প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মাহবুব আলম।
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় সকাল ১০টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুন্নেছা সুমি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: দীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে, একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া উপজেলা পরিষদের সামনে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া প্রদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মদন (নেত্রকোনা) সংবাদদাতা জানান, বেলা ১১টায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মদন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।