সংহতি জানাতে ২৫ অমুসলিমের উপবাস
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
মুসলিম সহকর্মীদের প্রতি সম্মান জানাতে যুক্তরাজ্যের লোটন সিটি কাউন্সিলের ২৫ জন অমুসলিম কর্মকর্তা ও কাউন্সিলর রমজানের রোজার সাথে সংহতি প্রকাশ করে একদিন উপবাস পালন করেছেন। গত ৩ মার্চ তারা সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন।
দিনব্যাপী এই উপবাস শেষে সন্ধ্যায় তারা লোটন টাউন হলে একত্রিত হয়ে সম্মিলিত ইফতারে অংশ নেন। এ সময় মুসলিম কাউন্সিলর ও সহকর্মীরা নিজ নিজ বাসা থেকে প্রস্তুত করা বিভিন্ন ধরনের খাবার নিয়ে ইফতারে যোগ দেন।
অনুষ্ঠানের আয়োজক এবং লুটন কাউন্সিলের যোগাযোগ বিভাগের প্রধান অ্যাডাম ক্যারানি জানান, এই উদ্যোগে অংশগ্রহণ প্রত্যাশার চেয়েও বেশি ছিল। তিনি বলেন, সারা দিন খাবার ও পানীয় থেকে বিরত থাকা চ্যালেঞ্জিং ও বিনয়ের অভিজ্ঞতা ছিল। এতে রমজানের তাৎপর্য সম্পর্কে আমাদের উপলব্ধি আরো গভীর হয়েছে এবং সহকর্মীদের সাথে সম্পর্কও আরো দৃঢ় হয়েছে।
এই আয়োজন শুধু উপবাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অংশগ্রহণকারীরা একটি বিদেশী ‘অরফান ভিলেজ’ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করেন। প্রকল্পটির লক্ষ্য ঝুঁকিপূর্ণ ও অসহায় শিশুদের নিরাপদ আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দীর্ঘমেয়াদি সহায়তা প্রদান করা। কর্মসূচিতে অংশ নেন লুটনের মেয়র এ্যামি নিকোলাস। তিনি উপবাস পালন এবং ইফতার, উভয় আয়োজনেই অংশগ্রহণ করেন। লুটন সিটি কাউন্সিল আশা প্রকাশ করেছে এই উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।