খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে : শিক্ষামন্ত্রী

Printed Edition

চাঁদপুর প্রতিনিধি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা চাই বছরজুড়ে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এর ফলে মেধা ও মননের সংস্কার হবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে আমাদেরকে তুলে ধরবে এই বিশ্বাস আমাদের রয়েছে। আগামী দিনে চাঁদপুরের সন্তানরা খেলাধুলায় এগিয়ে থাকবে সেই প্রত্যাশা রইল।

গতকাল চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি কালচারের মাধ্যমে এভাবে সারা দেশে অনুষ্ঠান শুরু করেছিলেন। সেখান থেকে অনেক প্রতিভা বের হয়ে আসছিলো। আজকে তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারা দেশে মেধাবিদের খুঁজে বেড়াচ্ছেন।

তিনি বলেন, আমরা দেখেছি বিগত দিনে সামাজিকভাবে আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয় ঘটেছিল। তারা মাদকাসক্ত হয়েছিল। ফেসিস্ট সরকার এই বিষয়ে কোনো কার্যকর প্রদক্ষেপ নেয়নি। আজকে প্রধানমন্ত্রী চাচ্ছেন আনন্দের মধ্য দিয়ে শিক্ষা। খেলাধুলার মধ্য দিয়ে তাদের জীবনযাপন উন্নত করার জন্য নতুন কুঁড়ি শুরু করেছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের এম এ হান্নান ও চাঁদপুর-৫ আসনের প্রকৌশলী মমিনুল হক।

সঞ্চালনায় ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হুদা। আমন্ত্রিত অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো: রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যডভোকেট সলিম উল্যাহ সেলিম, পৌর প্রশাসক মো: এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।