বিএআরসিতে কৃষি সচিবের মতবিনিময় সভা
কৃষিখাতকে টেকসই করতে প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিঞ্চু গবেষণায় গুরুত্বারোপ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
দেশের কৃষিখাতকে টেকসই ও ভবিষ্যত-উপযোগী করে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিঞ্চু গবেষণার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পরিবর্তনশীল জলবায়ুর প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণাকে আরো গতিশীল ও বাস্তবমুখী করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তাগিদ দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ। সভায় সভাপতিত্ব করেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো: আবদুছ ছালাম।
সভার শুরুতে বিএআরসির শস্য বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ রেজওয়ান মোল্লা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কাউন্সিলের চলমান কার্যক্রম, সাফল্য এবং গবেষণার অগ্রগতি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব রফিকুল ই মোহামেদ বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘পরিবর্তনশীল জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আধুনিক ও টেকসই কৃষি গবেষণায় আরো গতিশীল হতে হবে।’ তিনি নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং তা দ্রুত মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেয়ার জন্য সুসংগঠিত কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ড. মো: আবদুছ ছালাম বলেন, দেশের কৃষি গবেষণার সমন্বয়ক প্রতিষ্ঠান হিসেবে বিএআরসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্মার্ট কৃষি বিনির্মাণে বিজ্ঞানীদের দক্ষতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেয়া হবে বলেও তিনি জানান। একই সাথে গবেষণায় মেধাবী তরুণদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, জাতীয় কৃষি গবেষণা সিস্টেমকে শক্তিশালী করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে বিএআরসিতে জরুরি ভিত্তিতে একটি আধুনিক প্রশিক্ষণ ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। পাশাপাশি আন্তর্জাতিক কৃষি গবেষণা সংস্থা সিজিআইএআরের (ঈএওঅজ) অফিস বিএআরসিতে স্থাপনের মাধ্যমে বৈশ্বিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেয়া হয়।
বিএআরসি দেশের কৃষি গবেষণার এপেক্স বডি হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। ভবিষ্যতের কৃষি চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণার সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজনের মাধ্যমে বিজ্ঞানীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।
মতবিনিময় সভায় বিএআরসির বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। শেষে সবাই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের কৃষিখাতকে আরো সমৃদ্ধ ও টেকসই পথে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।