৬ মাসের মধ্যে কাঁচপুরে বাস টার্মিনালের কাজ শেষ হবে : হাবিবুর রশিদ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
আগামী ছয় মাসের মধ্যে কাঁচপুরে বাস টার্মিনালের কাজ শেষ করে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।
গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
হাবিবুর রশীদ বলেন, আগামী ছয় মাসের মধ্যেই ঢাকা যাত্রাবাড়ী বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করতে পারবো এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। ঢাকাকে যানজটমুক্ত করতে সরকার সমন্বিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকার যাত্রাবাড়ী-সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু অংশ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের কাজ চলমান রয়েছে। বিগত সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছিল। ফলে সাধারণ মানুষ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছিল। বর্তমান সরকার রাজধানীসহ আশপাশের এলাকার যানজট কমাতে যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলো বাস্তবায়নের অংশ হিসেবেই বাস টার্মিনালগুলো পরিদর্শন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের ৪৮ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। দেশের সব সড়ক ও মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। ঢাকার সব সিগন্যাল পয়েন্টে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত উপস্থিত ছিলেন।