‘রূপনগর’-এর দর্শকপ্রিয়তায় মুগ্ধ শিল্পীরা

Bino-4

বিনোদন প্রতিবেদক

এই সময়ে বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে যতগুলো ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে তার মধ্যে দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘রূপনগর’ রয়েছে বেশ দর্শকপ্রিয়তা এবং আলোচনায়। লিটু সাখাওয়াত রচিত ও বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা নাট্যনির্মাতা কায়সার আহমেদ পরিচালিত ‘রূপনগর’ ধারাবাহিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, নাজনীন চুমকি, এমিলা হক, আখম হাসান, মুকুল সিরাজ, শ্যামল মাওলা, আনিকা কবির শখ, লাবণ্য লিজা, তানভীর মাসুদসহ আরো অনেকে।

নাটকটির অন্যতম জনপ্রিয় একটি চরিত্র বাচ্চু চেয়ারম্যান। এই চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু। যাকে মিডিয়াতে সবাই বড় দা মিঠু হিসেবেই চেনেন জানেন। তারই স্ত্রী পারভীন চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নাজনীন চুমকি।

মাহমুদুল ইসলাম মিঠু বলেন, ‘এক কথায় বাচ্চু চেয়ারম্যানের ভূমিকয় অভিনয় করে ভীষণ সাড়া পাচ্ছি। যেখানেই যাচ্ছি দর্শক তাদের ভালোবাসা আর অনুভূতি প্রকাশ করছেন। সত্যি বলতে কী, কায়সার ভাই ভীষণ গুণী একজন অভিনেতা। তার নির্মিত রূপনগর-দর্শকের ভালোবাসায় জনপ্রিয় হয়ে উঠেছে। আর শিল্পী হিসেবে আমরা দর্শকের ভালোবাসায় মুগ্ধ।’

নাজনীন চুমকি বলেন, ‘এর আগে কায়সার ভাইয়ের নির্দেশনায় একটি ধারাবাহিক ও বেশ কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেছি। কায়সার ভাই ভীষণ ঠাণ্ডা মাথার একজন গুণী পরিচালক। তার নির্দেশনা আমি ভীষণ উপভোগ করি। রূপনগরে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত আমি।’

নাটকে বাচ্চু চেয়ারম্যানের মা ও পারভীনের শাশুড়ি চরিত্রে অভিনয় করছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। দিলারা জামান বলেন, ‘এর আগেও বিটিভিতে রূপনগর নামের ধারাবাহিক নির্মিত হয়েছিল, তাতেও অভিনয় করেছিলাম। বহু বছর পর আবারো একই নামে ধারাবাহিক নির্মিত হলো, তাতেও আছি আমি। কায়সার আহমেদকে বিশেষ ধন্যবাদ এত চমৎকার একটি গল্প নিয়ে নাটক নির্মাণের জন্য। সবচেয়ে বেশি ভালোলাগে সেট-এ ভীষণ যতœ নিয়ে শিল্পীদের কাছ থেকে অভিনয় আদায় করে নেয়া।’

নির্মাতা কায়সার আহমেদ বলেন, ‘রূপনগর দর্শকের ভালোবাসায় আলোচনায় এসেছে। তাই দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

কৃতজ্ঞতা সব শিল্পীর প্রতি, দীপ্ত চ্যানেলের প্রতি। আমি সবসময়ই চেষ্টা করি ভালো গল্প নিয়ে নাটক নির্মাণ করতে। রূপনগর সেই প্রয়াসেরই অংশ। এরই মধ্যে দর্শকের ভালোবাসায় ১২৭টি পর্ব প্রচারিত হয়েছে। আগামী পর্বগুলোও দর্শকের ভালো লাগবে।’ প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ৯.৩০ মিনিটে নাটকটি প্রচার হয়।