বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Printed Edition

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার ও কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ভিসি ও প্রোভিসি চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম উপস্থিত থেকে সংশ্লিষ্ট সবার সাথে কুশল বিনিময় করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও হাসপাতালের পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পাশাপাশি গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস, বিভাগ ও হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও গত ১৯ ও ২২ মার্চ বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে মোট ৯০৪ জন রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা প্রদান করা হয়েছে। এ ছাড়া হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে সার্বক্ষণিক খোলা ছিল। ছুটির দিনগুলোতে সেবা কার্যক্রম সচল রাখতে চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ প্রায় ১ হাজার জনবল পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত ২১ মার্চ শনিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দিন হাসপাতালে ভর্তি থাকা সব রোগীর জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। বিজ্ঞপ্তি