সমান সুযোগ না থাকলে বর্জনেরও হুমকি
২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় পার্টির
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। গত শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি নির্বাচন নিয়ে কড়া শর্তও জুড়ে দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসতে পারে।
তিনি বলেন, জাতীয় পার্টি সব সময়ই এ দেশের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। অতীতেও জনগণের যেকোনো রায় আমরা মেনে নিয়েছি। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। কিন্তু একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। শামীম হায়দার পাটোয়ারী আরো বলেন, এসব দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের। তবে জাতীয় পার্টি আশঙ্কার সাথে লক্ষ্য করছে যে, সরকার এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে।
তিনি জানান, সারা দেশে আমাদের নেতাকর্মীরা সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য প্রস্তুত। অনেক আসনে একাধিক আগ্রহী প্রার্থী থাকায় মনোনয়ন দিতে আমাদের হিমশিম খেতে হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে আজ আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় পার্টি এখনো মনে করে অন্তর্বর্তী সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটিকে সমান সুযোগ নিশ্চিত করবে।