একটি দলের নেতাকর্মীদের কাছে মা-বোনরা নিরাপদ নয়
রাজধানীতে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৪ আসনের প্রচারণায় নারী নেত্রীর ওপর বর্বরোচিত হামলাসহ সারা দেশে নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাজধানীতে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দলের নেতাকর্মীদের কাছে মা-বোনরা নিরাপদ নয়; তারা ক্ষমতায় গেলে মানুষের জান ও মালের কোনো নিরাপত্তা থাকবে না। প্রচারণায় প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও কমিশন ও প্রশাসন কোনো ব্যবস্থা নিতে না পারায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, কমিশন ও প্রশাসন যদি কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করে তবে জামায়াতে ইসলামী জনগণের পক্ষে পক্ষপাতিত্ব করতে বাধ্য হবে। নারীদের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এমন ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
গতকাল রাজধানীর ধোলাইপাড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন বলেন, তারাই গুপ্ত যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল। তিনি বলেন, জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী বিদেশে পালিয়ে ছিল না। বরং জেল-জুলুম, নির্যাতন সহ্য করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়েছে। এই আন্দোলনে জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ জন নেতাসহ অসংখ্যা নেতাকর্মী শাহাদত বরণ করেছে। হাজার-হাজার নেতাকর্মীর জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতনের পর যারা লন্ডন থেকে দেশে এসেছে তারাই আসল গুপ্ত। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীকে সামনে আসতে দেয়া হয়নি। কিন্তু আমরা থেমে যাইনি। আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেই জনগণের আস্থা অর্জন করেছি। এ দেশের জনগণ দেখেছে কারা জনগণের পাশে ছিল আর কারা লন্ডনে পালিয়ে ছিল। আয়েশা সিদ্দিকা বলেন, যারা বলে জামায়াতের নারী কর্মী নাই তারা জামায়াতের নারী কর্মীদের দেখলে পালিয়ে যাবে। কারণ জামায়াতের নারী সংগঠন এত বেশি বৃহৎ এবং শক্তিশালী। নারীদের ওপর হামলা চালিয়ে তাদের হিজাব খুলে ফেলার ঘটনা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসন পরিচালিকা রাবেয়া খানমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা: শিরিন আক্তার রুনা, মহানগরীর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমি। এ সময় উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসন সদস্যসচিব নার্গিস খান, মহানগরীর কর্মপরিষদ সদস্য কানিজ ফাতেমা, সেলিনা আক্তারসহ বিভিন্ন থানার সেক্রেটারিরা।