এর আগে জেলেনস্কি ট্রাম্পের কাছে নাজেহাল হয়েছেন
এবার হোয়াইট হাউজে ট্রাম্পের রোষানলে দ. আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা
Printed Edition
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পর এবার হোয়াইট হাউজে ট্রাম্পের কাছে নাজেহাল হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। গত বুধবার ওভাল অফিসে আয়োজিত বৈঠকে আমন্ত্রিত অতিথি রামাফোসার সরকারের বিরুদ্ধে শেতাঙ্গ গণহত্যা ও ভূমি দখলের অভিযোগ আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবারের এ বৈঠকটি ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হঠাৎ আক্রমণের মাধ্যমে ট্রাম্প যেভাবে হতচকিত করে দিয়েছিলেন তার কথাই মনে করিয়ে দিয়েছে।
বিশ্বের সর্বোচ্চ হারের হত্যাকাণ্ডের একটি দেশ দক্ষিণ আফ্রিকা। কিন্তু এসব খুনের পরিষ্কার সংখ্যাগরিষ্ঠ শিকার দেশটির কৃষ্ণাঙ্গরা। জানুয়ারিতে ক্ষমতায় আসার পর ট্রাম্প দক্ষিণ আফ্রিকার অতি প্রয়োজনীয় সহায়তা বাতিল করেন, শ্বেতাঙ্গ সংখ্যালঘু আফ্রিকানদের আশ্রয় দেয়ার প্রস্তাব দেন, যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেন এবং ইসরাইলের বিরুদ্ধে দেশটির দায়ের করা গণহত্যার মামলার সমালোচনা করেন।
বুধবারের বৈঠকটিকে যুক্তরাষ্ট্রের সাথে তার দেশের সম্পর্ক পুনঃস্থাপন করতে ব্যবহার করার আশা করেছিলেন রামাফোসা; কিন্তু সাজানো ও পরিকল্পিত আক্রমণের শিকার হয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আক্রমণাত্মক অভ্যর্থনার জন্য প্রস্তুতি নিয়েই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তিনি তার প্রতিনিধি দলের অংশ করে দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় শ্বেতাঙ্গ গল্ফ খেলোয়াড়দের নিয়ে গিয়েছেন আর বাণিজ্য নিয়ে আলোচনা করতে চান বলে জানিয়েছিলেন।
যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, তবে দেশটি ট্রাম্পের বর্তমানে স্থগিত আমদানি করের আওতায় ৩০ শতাংশ শুল্কের মুখোমুখি হয়েছে। কিন্তু ওভাল দফতরের বৈঠকে সতর্কভাবে পরিকল্পিত ও সাজানো আক্রমণে ট্রাম্প দ্রুত শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের সাথে আচরণ নিয়ে উদ্বেগের এক তালিকা তুলে ধরেন, একটি ভিডিও দেখিয়ে ও সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধের স্তূপ তুলে ধরে তার অভিযোগ প্রমাণিত বলে দাবি করেন।
ট্রাম্পের অনুরোধে তার ওভাল দফতরের বাতি নিভিয়ে দিয়ে একটি টেলিভিশনে ভিডিওটি প্রদর্শিত হয়। সম্ভবত এই বৈঠককে সামনে রেখে টেলিভিশনটি ওভাল দফতরে স্থাপন করা হয়। ভিডিওতে সাদা সাদা ক্রস দেখা যায়, যেগুলোকে শ্বেতাঙ্গদের কবর বলে দাবি করেন ট্রাম্প। ভিডিওতে দক্ষিণ আফ্রিকার বিরোধীদলীয় নেতাদের উত্তেজনাপূর্ণ বক্তব্য দিতে দেখা যায়। জুলিয়াস মালেমা নামের এই নেতাদের একজনকে গ্রেফতার করা উচিত বলে ট্রাম্প মন্তব্য করেন।
ওই ভিডিওটি ২০২০ সালের সেপ্টেম্বরে একটি প্রতিবাদ বিক্ষোভ চলাকালে ধারণ করা হয়েছিল। এর এক সপ্তাহ আগে নিজেদের খামারে দুই ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।