মার্কিন পণ্যে ‘শুল্ক মওকুফ’ নিয়ে ট্রাম্পের দাবি ভারতের অস্বীকার

রয়টার্স
Printed Edition
inter-2
এস জয়শঙ্কর

যুক্তরাষ্ট্রের পণ্যে সব শুল্ক মওকুফ করে দিয়ে বাণিজ্য করার প্রস্তাব ভারত দিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন, তা অস্বীকার করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্থানীয় সংবাদ সংস্থাগুলোকে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘এখনো আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই নির্ধারিত নয়।’

এর আগে কাতারের দোহায় নির্বাহী কর্মকর্তাদের সাথে এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, ‘তারা (ভারত) আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে, যেখানে কার্যত কোনো শুল্কই রাখা হবে না।’ ভারত এবং যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প গত এপ্রিলে প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর উচ্চ শুল্কারোপ ৯০ দিনের জন্য স্থগিত করার পর ভারতসহ অন্যান্য দেশের সাথে এই বাণিজ্য চুক্তির আলোচনা শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, ‘বাণিজ্য চুক্তি হতে হবে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং উভয় দেশের জন্যই লাভজনক। যতক্ষণ না চুক্তি চূড়ান্ত হচ্ছে, ততক্ষণ এ নিয়ে কোনো মন্তব্য সময়ের আগেই সিদ্ধান্ত দিয়ে দেয়ার মতো হবে।’